বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে নারীর ক্ষমতায়নকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল আয়োজন করেছিলো ‘কনসার্ট ফর উইমেন’।
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এর মাঠে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ সহস্রাধিক নারী দর্শক বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করেন। ‘কনসার্ট ফর উইমেনে’ একে একে সঙ্গীত পরিবেশন করেন বন্দনা, মিনার, ইমরান, ন্যান্সি, তাহসান।
এদের সবার পরিবেশনা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চে ওঠেন আইয়ূব বাচ্চু ও তার ব্যান্ডদল এলআরবি। আর তখনই যেন পুরো ক্রীড়া কমপ্লেক্স’র পরিবেশই বদলে যায়। আইয়ূব বাচ্চুর গান শোনার জন্যই যেন তারা এতোক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
মঞ্চে উঠে আইয়ূব বাচ্চু একে একে পরিবেশন করেন ‘সেই তুমি’, ‘মেয়ে’, ‘মন চাইলে মন পাবে’, ‘উড়াল দেবো আকাশে’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘এক আকাশের তারা তুই’, ‘আমিতো প্রেমে পড়িনি’, ‘সুখেরই পৃথিবী’, ‘তারা ভরা রাতে’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’,‘ মাগো ভাবনা কেন’সহ গীটারের জাদুতে তিনি তুলে ধরেন ‘আমরা করবো জয়’। বিরামহীনভাবে আইয়ূব বাচ্চু তার সঙ্গীত পরিবেশন করে যান।
আইয়ূব বাচ্চু বলেন, বিশ্বের সকল নারীদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। সব নারী শান্তিতে থাকুক, ভালো থাকুক। নারী দিবসে শুধুই নারীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে খুবই ভালোলেগেছে। গানে গানে গল্প হয়েছে, আড্ডা হয়েছে। অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। অনেক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হসপিটাল এবং এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীকে। কারণ এমন ভিন্ন ধরনের আয়োজন করার জন্য ভীষণ আন্তরিকতার প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে ‘আইকন লেডি’ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।
ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, তীব্র গরমকে উপেক্ষা করে হাজার হাজার নারী তাঁদের প্রিয় শিল্পীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলো। তবে নারীবান্ধব কোনো প্রতিষ্ঠান আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ালে খুশি হতাম।
এদিকে আগামী ১৩ মার্চ আইয়ূব বাচ্চু দিনাজপুরে ‘স্বাধীনতা কনসার্ট’এ অংশ নেবেন বলেও জানান।











