রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে নৌকার পালে হাওয়া লাগতে শুরু করেছে। আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে এক মঞ্চে বসেছে ইউনিয়নের অপর দুই প্রতিদ্বন্ধি প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তৃণমূল আওয়ামীলীগের ভোটে নৌকা প্রতীক বিজয়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। এর আগে তৃণমূলের ভোটে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার আওয়ামীলীগের মনোনয়ন পেলেও ইউনিয়নের অপর দুই শক্তিশালী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দীন মোস্তাফা জাহাঙ্গীর ও মঞ্জুরুল হক চৌধুরী খালেদ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার ব্যাপারে গুঞ্জন শুরু হয়। সব কিছুর অবশান ঘটিয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হক চৌধুরী খালেদ প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার সমর্থনে সভা আহবান করে।
রানীর হাট বাজার চত্বরে আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আবুল হাশেম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ইদ্রিছ আজগর, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নটির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দীন মোস্তাফা জাহাঙ্গীর, মঞ্জুরুল হক চৌধুরী খালেদ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সহদপ্তর সম্পাদক কামাল উদ্দীন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, মো. আজাদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. এরশাদ, মো. গিয়াস প্রমুখ।
সভায় জামাল উদ্দীন মোস্তাফা জাহাঙ্গীর ও মঞ্জুরুল হক চৌধুরী খালেদ দু’জনেই দলীয় গঠনতন্ত্র মেনে নৌকা প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। এদিকে বিএনপি ও অন্য কোন দল থেকে কোন প্রতিদ্বন্ধি প্রার্থীর নাম শোনা না যাওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। আগামী ৩ মে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ঐ ইউনিয়ন থেকে আর কেউ ফরম সংগ্রহ না করলে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হবেন বলে জানা যায়।











