জ্যেষ্ঠ প্রতিনিধি- দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি যেকোনো জাতীয় সংকটে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা যেমন রেমিট্যান্স পাঠাচ্ছেন, ঠিক তেমনি দেশের সংকটেও ঝাঁপিয়ে পড়ছেন পরম মমতায়। প্রবাসীদের এমন নিঃস্বার্থ দেশপ্রেম ও আর্থিক স্বাবলম্বিতাকে পুঁজি করে এবার নিজ এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়াতে চান কুয়েতের জ্যেষ্ঠ প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সংগঠক কামাল হোসেন ভূঁইয়া।
দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখলেও, এবার তিনি সরাসরি জনপ্রতিনিধি হয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফেনীর দাগনভূঁঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রবাসী নেতা।
তার এই নির্বাচনী স্বপ্ন ও সমাজসেবামূলক ভাবনাকে কেন্দ্র করে কুয়েতের জাহরা এলাকায় সিন্দুরপুর ইউনিয়নের প্রবাসী নাগরিকদের নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কামাল হোসেন ভূঁইয়া বলেন, প্রবাসীরা শুধু নিজেদের পরিবারের ভাগ্য বদল করেন না, তারা দেশ ও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরী। তবে নিজ এলাকার মানুষের সরাসরি প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সেবামূলক কাজের পরিধি ও গতি আরও বহুগুণ বাড়ানো সম্ভব। এলাকার মানুষের পূর্ণ সম্মতি, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে আয়োজিত এই মতবিনিময় সভায় সিন্দুরপুর ইউনিয়নের কুয়েত প্রবাসীরা কামাল হোসেন ভূঁইয়ার প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেছেন। প্রবাসীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দীর্ঘদিন ধরে সফলভাবে কাজ করে আসা এই সংগঠক এবার জন্মভূমির মানুষের ভাগ্য উন্নয়নে এবং সিন্দুরপুর ইউনিয়নকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করবেন—এমনটাই এখন কুয়েত প্রবাসী ও দাগনভূঁঞাবাসীর মূল প্রত্যাশা।











