জ্যেষ্ঠ প্রতিনিধি: কুয়েতের সাহিত্যাঙ্গন আজ হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্র। কুয়েত প্রবাসী বিশিষ্ট কবি, সাহিত্যিক ও আবৃত্তিকার সঞ্জীব ভদ্র চন্দন আর নেই। কিডনি রোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি পরলোকগমন করেন।
অত্যন্ত হাস্যোজ্জ্বল, বিনয়ী, সদালাপী এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত সঞ্জীব ভদ্র চন্দনের আকস্মিক এই মৃত্যুতে কুয়েতের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সাহিত্য, আবৃত্তি ও সংস্কৃতিচর্চায় তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং অসামান্য অবদান তাঁকে প্রবাসীদের মাঝে অত্যন্ত প্রিয় করে তুলেছিল। তাঁর এই প্রয়াণে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াত এই গুণী মানুষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁরা বলেন, প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দনের স্মৃতি, কর্ম এবং মানবিক গুণাবলি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।











