এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে উন্নয়নের দূর গোড়ায় পৌছে দিতে, উন্নয়নমূলক কর্মকান্ডে সরকারকে উৎসাহিত করতে প্রচার হলো প্রধান হাতিয়ার।
১৯ নভেম্বর শনিবার বিকেলে নরসিংদী সার্কিট হাউজে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে নরসিংদী জেলার সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।
মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন, নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: আমজাদ হোসেন, ক্লাবের সদস্য মাজহারুল পারভেজ মন্টি প্রমুখ ।
সরকারের ১০টি উদ্যোগ যথাক্রমে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা তুলে ধরে বলেন, এই প্রকল্পগুলোর কাজ চলছে। প্রতিটি প্রকল্প বাস্তবায়ন হলে দেশের সাধারণ মানুষ কোনক্রমেই আর কষ্টের শিকার হবে না।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফলে প্রকল্প এলাকায় নিম্ন আয়ের পরিবারের সংখ্যা ১৫ শতাংশ থেকে ৩ শতাংশে দাঁড়িয়েছে। আশ্রয়ন প্রকল্পে ইতোমধ্যে ২৬,৫০০টি পরিবার পুনর্বাসন হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
এছাড়া, লিখিত বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ প্রকল্পে সরকার ২৫হাজার ওয়েবসাইট নিয়ে বিশেষ বৃহত্তম ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন চালু করেছে। তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন পুরস্কার’ প্রাপ্তির কথা তুলে ধরেন। গণমাধ্যমে এসকল বিষয়ের সঠিক চিত্র তুলে ধরলে দেশে উন্নয়নের গতি আরও তরান্বিত হবে উল্লেখ করে প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী সকলের প্রতি বস্তুনিষ্ঠ পরিবেশনের আহ্বান জানান।
বিশেষ অতিথির ভাষণে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা না করলে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেতন হতে হবে।
এর আগে প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী নরসিংদীর ঐতিহ্যবাহী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল, শুদ্ধাচারের নৈতিক দিক, ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার চর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











