স্পোর্টস ডেস্কঃ মাঠে দর্শকদের সমর্থন পাবার বিচারে বাংলাদেশ দলের জন্য ঢাকার মিরপুর এবং কলকাতার ইডেন গার্ডেন্সে’র মধ্যে তেমন কোন পার্থক্য থাকবেনা বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার।
তিন মনে করেন, সবচেয়ে বেশি দর্শক বাংলাদেশকেই সমর্থন করবে।বাংলাদেশ থেকে বহু সমর্থক কলকাতায় পৌঁছেছেন ইডেন গার্ডেন্সে খেলা দেখতে। তাছাড়া কলকাতার দর্শকরা বাংলাদেশকেই সমর্থন করবে।
মি: মজুমদার বলেন, “আমি আশ্চর্য হবো না যদি দেখি ৪০-৪৫ হাজার দর্শক বাংলাদেশকে সাপোর্ট করছে।”
সে তুলনায় পাকিস্তানের সমর্থক কতটা থাকবে সেটি নিয়ে সন্দেহ আছে তার।
তিনি বলেন, “এমনিতেই ইন্ডিয়াতে পাকিস্তানের সমর্থক কম। কলকাতাতেও কম।”

মি: মজুমদার বলেন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের সমর্থক বেশি হবার দু’টি কারণ রয়েছে।
বোরিয়া মজুমদারের ভাষায় প্রথমত: কলকাতা বাংলাদেশের কাছাকাছি। দ্বিতীয়ত: পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বন্ধুত্ব। সেজন্য ইডেন গার্ডেন্সে বাংলাদেশের সমর্থক ৮০ থেকে ৯০ ভাগ হবে।
খেলার মাঠে দর্শকদের সমর্থন অনুকূলে থাকলে একটি দল যে ধরনের সুবিধা পায়, সেটি বাংলাদেশের পক্ষেই থাকবে।
বোরিয়া মজুমদার মনে করেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইডেন মাঠ বাংলাদেশের জন্য নিজ দেশের মতোই হবে।
তিন বলেন, “ বাংলাদেশের জন্য এটা হোম ম্যাচ। প্র্যাকটিক্যালি মনে হবে যে তারা মিরপুরে খেলছে।”
টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভের পর বাংলাদেশ দল কখনোই ইডেনের মাঠে খেলেনি। দল হিসেবে বাংলাদেশ সর্বশেষ ইডেন গার্ডেন্সে খেলেছে আজ থেকে প্রায় ২৫ বছর আগে।











