বিনোদন ডেস্ক : সিনেমর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে ইউটিউবে তার অভিনীত ‘আমি নেতা হব’ ছবির ‘লাল লিপস্টিক’ গানটি প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে গানটি দর্শকের মনে দাগ না কাটলেও মিমের নাচ নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, বিভিন্ন কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন এই নায়িকা।
ধারাবাহিকতায় সম্প্রতি হোম টেক্স নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন মিম। আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারে কাজ করবেন তিনি। শিগগিরই এর বিজ্ঞাপনও নির্মাণ করা হবে।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিষ্ঠানটির পণ্য এবং তাদের শর্ত আমার পছন্দ হয়েছে। তাই তাদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছি। এ বছর প্রতিষ্ঠানটির কয়েকটি বিজ্ঞাপনেও অংশ নেয়ার কথা আছে।’ মিম এর আগেও কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন।
এদিকে তার অভিনীত ‘পাষাণ’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। অন্যদিকে শাকিবের বিপরীতে মিমের ‘আমি নেতা হব’ ছবিটি ভাষা দিবস উপলক্ষে মুক্তি পাবে।











