স্টাফ রিপোর্টার- মৌলভীবাজার সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কমিটিতে স্থান পেয়েছেন ৯ নং আমতৈল ইউনিয়নের খুশহাল পুর গ্রামের তিন বিশিষ্ট রাজনীতিবিদ। ঘোষিত কমিটিতে আমতৈল ইউনিয়নের সাবেক মেম্বার ইকবাল আহমদ এবং রফিকুল ইসলাম ময়নুলকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। একই সাথে আমতৈল ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আনোয়ার হুসেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁদের উপজেলা বিএনপির এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই তিন জনবান্ধব নেতার উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে উন্নীত হওয়ার সংবাদে আমতৈল ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ সমর্থক ও স্থানীয় বাসিন্দারা তাঁদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। এলাকা জুড়ে সমাজসেবামূলক ও মানবিক কাজের জন্য তাঁদের বিশেষ সুনাম রয়েছে। নবমনোনীত নেতারা এক প্রতিক্রিয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তৃণমূলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই তাঁদের মূল প্রেরণা। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি এলাকার যেকোনো উন্নয়ন ও মানবিক কাজে আত্মনিয়োগ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।











