মৌলভীবাজার প্রতিনিধি- সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ নেতা আবু সাইদ কুতুবউদ্দিন সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে তাঁর কবর জিয়ারত করতে এলে প্রতিমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জিয়ারত শেষে কুয়েত প্রবাসী নেতাদের পক্ষ থেকে আবু সাইদ কুতুবউদ্দিন প্রবাসীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি—কুয়েত থেকে সরাসরি সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে জোরালোভাবে তুলে ধরেন। প্রবাসীদের দুর্ভোগের কথা শুনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কুয়েতের এই প্রবাসী নেতাকে আশ্বস্ত করে জানান যে, সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে এবং অদূর ভবিষ্যতে কুয়েত-সিলেট রুটে সরাসরি বিমান ফ্লাইট চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ বকশি ইকবালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











