
কুয়েতে বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আলমগীর (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (৯ই আগস্ট) সকালে কুয়েতের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। তার আকস্মিক মৃত্যুতে কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কাপাই কাপ গ্রামের ফজর আলী মিজি বাড়ির সন্তান মোহাম্মদ আলমগীর, প্রায় তিন দশক ধরে কুয়েতে বসবাস করছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং ভালো চাকরির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক সকাল পৌনে ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কুয়েতে থাকার কারণে তিনি কমিউনিটির একজন অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
মোহাম্মদ আলমগীরের পরিচিতজন এবং কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণীর প্রবাসীরা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।











