ডেস্ক রিপোর্ট – কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশকারী বেশ কিছু শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু বা ড্রোন অত্যন্ত দক্ষতার সাথে ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।
সোমবার ভোরে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল-আতওয়ান।
মুখপাত্র জানান, সোমবার ভোরে কুয়েতের মধ্যাঞ্চলের অপারেশনাল জোনের মধ্যে এই উড়ন্ত লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করা হয়। দেশের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কাবস্থার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সেগুলোকে প্রতিহত ও ধ্বংস করা হয়। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্নেল আল-আতওয়ান আরও জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সম্ভাব্য হুমকি মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।











