বিশেষ প্রতিনিধি – ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনের চাকরি ও ভিসা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২৫ জন এশীয় প্রবাসীর কাছ থেকে জনপ্রতি ২,০০০ থেকে ২,৫০০ কুয়েতি দিনার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেফতার করেছে কুয়েতের পুলিশ। ভুক্তভোগীদের কাছ থেকে বৈধ পাসপোর্ট, আকামা এবং নগদ টাকা নিয়ে কয়েক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লিখিত চুক্তি করা হলেও পরবর্তীতে তাদের টাকা ফেরত না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ক্যাপিটাল গভর্নরেট তদন্ত ইউনিট অনুসন্ধানে প্রতারণার সত্যতা পায় এবং পাবলিক প্রসিকিউশনের পরোয়ানার ভিত্তিতে সিআইডি অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে সেই অর্থ ফেরত দিতে অপারগতা প্রকাশ করেছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াসহ বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।











