রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতা এড়াতে নগরীতে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার ভোর ৬টা পর্যন্ত তা মোতায়েন থাকবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। রায় ঘোষণার পর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সারাদেশে হরতাল আহবান করে জামায়াতে ইসলামী। ওই দিনও নগরীতে বিজিবি মোতায়েন করা হয়।











