আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ তিন মাস হোটেলে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের মিডিয়া মুঘল খ্যাত যুবরাজ ওয়ালেদ আল-ইব্রাহীম। তিনি দেশটির আরব স্যাটেলাইট নেটওয়ার্ক এমবিসির মালিক। তাকে শুক্রবার মুক্তি দেয়া হয়।
রিয়াদের বিলাসবহুল হোটেল রিজ কার্লটনের তিনি বন্দি ছিলেন। তার সঙ্গে আরো ৩৫০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজ একই হোটেলে বন্দি থাকে। ২০১৭ সালের ৪ নভেম্বর দুর্নীতি বিরোধী এক অভিযানে এদের হোটেলবন্দি করেন সৌদি আরবের মুকুটধারী যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
হোটেল থেকে ছাড়া পাবার পর প্রিন্স ওয়ালেদ তার পরিবারের সঙ্গে মিলিত হোন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এমবিসির তিন কর্মচারী। কোন শর্তে তাকে মুক্তি দেয়া হল এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ওই তিন কর্মচারী। তিন কর্মচারীর নামও প্রকাশ করেনি বিদেশি সংবাদ মাধ্যম।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অধিকাংশ বন্দি আর্থিক আপোষ মীমাংসায় রাজি হয়েছে। যে কারণে তাদেরকে মুক্তি দেয়া হচ্ছে।
এদিন ওয়ালেদ ছাড়াও আরো বেশ কয়েকজন প্রভাবশালী সৌদি নাগরিক মুক্তি পান। তাদের মধ্যে আছেন সৌদি রয়াল কোর্টের সাবেক প্রধান খালেদ তৌয়াজিরি ও সৌদি মিটিওরলজির সাবেক প্রধান তুর্কি বিন নাসের।
এর আগে সাবেক ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স মিতেব বিন আবদুল্লাহকে মুক্তি দিয়েছে সরকার। বিনিময়ে মিতেব ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে সৌদি সরকারকে। সূত্র: এএফপি











