
আব্দুল কাদের- কার্ডিফ (যুক্তরাজ্য): বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ১৯শে আগস্ট, ২০২৫ তারিখে যুক্তরাজ্যের কার্ডিফে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয়তাবাদী যুবদল, কার্ডিফ শাখার উদ্যোগে এই সভা কার্ডিফ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সালেহ লিটন। সভাটি পরিচালনা করেন কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফূর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বদরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ঐক্যবদ্ধ শক্তির উপদেষ্টা, রাজনগর থানা ছাত্রদল ও নিউ জার্সি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র নিউ জার্সি স্টেটের পসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান। সভায় আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কার্ডিফ ও সোয়ানসি বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৫ই আগস্ট ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ১৭ বছর পর অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটে এবং ছাত্র-জনতার বিজয় সুসংহত হয়। বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।

সভায় আরও বক্তব্য রাখেন সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, কার্ডিফ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিল্লুল চৌধুরী, সোয়ানসি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুল ওয়াহিদ সারোয়ার, কার্ডিফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলী, স্পেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কার্ডিফ বিএনপির অন্যতম নেতা সাব্বির আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিক উদ্দিন, কার্ডিফ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নিউপোর্ট যুবদলের সাবেক সভাপতি শামিউল ইসলাম বদরুল, সাবেক ছাত্রদল নেতা মিঠু আলম, ছাত্রদল নেতা লিংকন ও মোজাক্কিরসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কার্ডিফ বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান আলো।











