অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল : বরিশাল মহানগরীতে স্বেচ্ছাসেবী সংস্থা আভাস-এলএইচডিপি প্রকল্পের আয়োজনে অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর ক্যাম্পেইন কর্মসূচির প্রথম দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে বরিশাল নগরীর পলাশপুর, রাজ্জাক কলোনী কেডিসি মোড়, ধান গবেষণা রোড, কাশিপুর পূর্ব বিল্ববাড়ি, কলসগ্রাম, গণপাড়া এবং ইছাকাঠি এলাকায় এলএইচডিপি প্রকল্পের কমিউনিটি পর্যায়ে নারী আড্ডা দলের সদস্যরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালি ও মানববন্ধনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধের দূর্গ’।
এছাড়া বিকেলে অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বরিশালের তৃণমূল পর্যায়ের নারী নেতৃবৃন্দ, মিডিয়া পারসন, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, নারী আড্ডা দলের সদস্যবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন বিএনডিএন এর সভাপতি আনোয়ার জাহিদ। মানববন্ধনে নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, মুক্তিযোদ্ধা মো. আক্কাস হোসেন, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, আভাস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম সিরাজুল ইসলাম, আমরাই পারি জোটের সদস্য সচিব হাসিনা বেগম নীলা, স্পিড ট্রাস্ট এর প্রোগ্রাম অফিসার ঝুমু কর্মকারসহ আরও অনেকে।
বক্তারা তাদের আলোচনায় বলেন- পরিবার থেকে নারী নির্যাতন বন্ধ করতে হবে। পরিবারই হোক কন্যা শিশুর জন্য নিরাপদ স্থান। এব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন- আর কতকাল নারী নির্যাতন বন্ধের কথা বলতে হবে ? মানুষ কেন তার বিবেক দিয়ে এই নির্যাতন বন্ধ করছেনা ? পরিবার এবং সমাজ থেকে এই ব্যাধি দূর করতে না পারলে নারী মুক্তি কি করে সম্ভব হবে ? তাই আজ আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে যাতে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সাথে সাথে প্রতিবাদ করি এবং ব্যাপক আন্দোলন গড়ে তুিল। পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও তার যথাযথ প্রয়োগ হচ্ছেনা। অংশগ্রহণকারীরা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করেন।











