ডেস্ক নিউজ : মৌলভীবাজার পুলিশের সিগন্যাল অমান্য করায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক লাটি পেটা করার অভিযোগ উঠেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভুইয়ার বিরুদ্ধে।
রোববার (৪ মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা সৈয়দ কামরুল ইসলাম এর ছেলে সৈয়দ মাসুদ আরেফীন (২২) ও একই এলাকার বাসিন্দা শেখ নুরুল ইসলাম এর ছেলে শেখ নুরুজ্জামান (২০) নামের দুই যুবক শ্রীমঙ্গল থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার আসছিল। এসময় মৌলভীবাজার মডেল থানার সামনে পুলিশ বাধা দিলে তা না মেনে পাশ কাটিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় থানার অদূরে নিয়ন্ত্রন হারিয়ে তারা পড়ে যায়।
এসময় সাইকেল থেকে পড়ে গিয়ে দুই যুবকের হাত ও পায়ে আঘাত প্রাপ্ত হলে তারা লুটিয়ে পড়েন রাস্তায়। এমতাস্থায় এসআই মহসীন ভূঁইয়া তাদেরকে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তাদের থানা হাজতে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে অভিযুক্ত মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মহসীন ভূঁইয়া বলেন, এই দুই যুবক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে প্রবেশ পর্যন্ত মোট ৪টি চেকপোষ্টে দ্বায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করেছিল। এমন অভিযোগে আমি তাদের থানার সামনে আটকানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমার সিগন্যালও না মেনে পাশ কাটিয়ে।যাওয়ার সময় রাস্তায় পড়ে যায়। রাগের মাথায় তাদের একদু’টা বাড়ি মেরেছি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই। সত্যতা যাচাই করে দেখব।











