রাঙামাটি প্রতিনিধিঃ পারিবারিক সমস্যার সমাধান করতে গিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদসহ নয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভূষণছড়া বাজারে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত মামুনুর রশীদকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।
বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর চাকমা অগ্রদৃষ্টিকে জানান, সকালে ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের ছেলের সংসারের সমস্যা সমাধানে চেয়ারম্যান মামুনুর রশীদের কার্যালয়ে সালিশ বৈঠক বসে।এসময় একটি বিষয় নিয়ে খালেকের সঙ্গে চেয়ারম্যানের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খালেকের ছেলে লিটন ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করেন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা খালেক ও চেয়ারম্যান মামুনুরের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়ই গ্রুপের আট জন আহত হন। আহতদের মধ্যে মামুনুর রশীদকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহম্মেদ অগ্রদৃষ্টিকে জানান, এ ব্যাপারে এখনো কোন পক্ষ মামলা করেনি।











