ডেস্ক নিউজ : রংপুরে গতকাল শুক্রবার ঠাকুরবাড়ি গ্রামে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে কোতোয়ালি ও গঙ্গাচড়া উপজেলা থানায় মামলা দুইটি দায়ের করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন একথা জানিয়েছেন।
শুক্রবার রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা।
হামলার ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ বলে জানিয়েছেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন- ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে দুই বান্ডেল করে টিন ও তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। আর বাড়িঘর তৈরির জন্য প্রশাসন সব খরচ বহন করবে।
রাতে প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর সদরের ঠাকুরবাড়ি গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে ও গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২৫ জন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।











