আন্তর্জাতিক ডেস্ক: আরব বিশ্বের ইসলামি আন্দোলন মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠার ৯০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এর স্লোগান ছিল ‘উৎসর্গের ৯০ বছর’।
সারা বিশ্ব থেকে মুসলিম ব্রাদারহুডের কয়েকশ নেতা যোগ দেন ওই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বর্তমানে দলটির উপনেতা ইব্রাহিম মুনির। এছাড়া ছিলেন ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান খালেদ মেশাল। আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার সদস্যও যোগ দেয় এতে।
১৯২৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের অসংখ্য সদস্যকে গ্রেপ্তার করে কারাবন্দি করেছে আরব সরকারগুলো। সংগঠনটির বিরুদ্ধে বারবার সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগ আনলেও কোনোটাই প্রমাণ করা সম্ভব হয়নি।
তা সত্ত্বেও মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দলটিকে মিথ্যা অভিযোগে নিষিদ্ধ করে রেখেছে। অনেক নেতাকেই নির্বাসনে দেয়া হয়েছে।
বর্তমানে আরব, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ৫২টি দেশে ব্রাদারহুডের কার্যক্রম রয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ অস্ট্রেলিয়াতেও রয়েছে সংগঠনটি।
মূলত ১৯২৮ সালের ২২ মার্চ মিসরে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন দেশটির ইসলামি গবেষক হাসান আল-বান্না। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রথমে দলটির উত্থান। দাতব্য কর্মকাণ্ড ও নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে ইসলামের আলোকে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আনতে চায় ব্রাদারহুড।
২০১১ সালে আবর বসন্তের মধ্য দিয়ে মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি। কিন্তু এক বছরের মাথায় তাকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান সিসি।











