
নবপ্রজন্মের মাঝে সঠিক আকিদাভিত্তিক ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্রিটেনের ওয়েলস-এর রাজধানী কার্ডিফ-এ প্রতিষ্ঠা করা হয়েছে ‘দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ’। গত ৭ সেপ্টেম্বর, শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মাদ্রাসার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের দোয়ার মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির সুরা ফাতিহা এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান সুরা ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে মাদ্রাসার প্রথম ক্লাস শুরু করেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম এবং দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্, মাদ্রাসার সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, ওজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান, ও মাইন উদ্দিন আহমেদ সহ প্রমুখ অভিভাবকবৃন্দ।

বক্তারা দ্বীনি ইলম অর্জনের গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা বলেন যে, পার্থিব জীবনের জন্য বিভিন্ন জ্ঞান অর্জন জরুরি হলেও, মানুষের সৃষ্টি, উদ্দেশ্য এবং শেষ পরিণতি সম্পর্কে জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। বক্তারা আরও উল্লেখ করেন যে, কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জন ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতে মর্যাদা এনে দেয় এবং ভালো-মন্দের পার্থক্য করতে শেখায়।

প্রথম দিনেই আশাব্যঞ্জক সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করানোর পাশাপাশি, এই দ্বীনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আশা করা হচ্ছে, এই মাদ্রাসা কার্ডিফের মুসলিম কমিউনিটিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।











