ডেস্ক নিউজ : ব্যাংকলুটেরা, দুর্নীতিবাজ ও দলবাজদের কঠোর হাতে দমন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাসদের (একাংশের) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির (মঞ্জু) ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, দলের মধ্যে অনেক ব্যাংকলুটেরা, দুর্নীতিবাজ ও দলবাজ রয়েছে। তারা মহাজোটের ছাতার নিচে অবস্থান করে দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করছে। তাদেরকে কঠোর হাতে শায়েস্তা করতে হবে। তাদের রাজনীতি বন্ধ করতে হবে।
তথ্যমন্ত্রী আরো বলেন, এবারের নির্বাচন রাজাকার সর্মথন নির্বাচন হবে না। খালেদা জিয়া নির্বাচনকে বানচাল করতে চান। সঠিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে বলে তিনি জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম প্রমুখ।











