ডেস্ক নিউজ : ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। দলটি সেখানে জঙ্গি-সন্ত্রাস দমনে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক সমাবেশ করবে।
সোমবার সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৪ সালের ১ মার্চ বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নানান কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে আগামী ৫ জানুয়ারি জঙ্গি-সন্ত্রাস দমনে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত বছরের মতো এবারও ৫ জানুয়ারি সামনে রেখে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি আগে আবেদন করায় তারাই সমাবেশ করার অনুমতি পেয়েছে।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি পুলিশের অনুমতি পাওয়ায় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, গত ১১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। একই স্থানে সমাবেশ করার অনুমতি চেয়ে অন্য দলও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তবে মাওলানা ইছমাইল হোসেনের ইউনাইটেড ইসলামিক পার্টিকেই অনুমতি দেয়া হয়েছে।











