বিনোদন ডেস্ক : ‘বলেছিলে আমায় তুমি/ ভালোবাসো নাইবা বাসো/ তোমার চন্দ্রমুখী হতে চাই’–এমন কথার নতুন একটি গানে কণ্ঠ দিলেন নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলম। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ। শেখ মিলনের সুর ও সংগীতে ‘গানপাগল’ স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং করা হয়।
বি-মিউজিকের আয়োজনে একশত গানের একটি প্রজেক্টের অধীনে গানটি নির্মিত হয়েছে বলে জানান সংগীত পরিচালক শেখ মিলন।
রফিকুল আলম বলেন, শেখ মিলন একশত মৌলিক গানের একটি প্রকল্প হাতে নিয়েছেন। এর সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে।
নীহার আহমেদ বলেন, রফিকুল আলম আমাদের সংগীতের এক নন্দিত ও বরেণ্য নাম। তার জন্য গান লিখতে পারা অবশ্যই গৌরবের। আশা নয়, বিশ্বাস করি গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।











