ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আমরা নির্বাচন করবো, এবার আমরা খালি মাঠে গোল করতে দেব না, একদলীয় নির্বাচনও করতে দেব না। সেজন্য আমাদের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।’
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা তো দেখে নাই, মনে করছে বিএনপিকে একেবারে ঘরে ঢুকিয়ে দিয়েছে। ওরা সভা-সমাবেশ করতে পারে না, তাদের আমাদের কাছ থেকে অনুমতি নিতে হয়! একটা সময় আসবে যখন অনুমতি আর নেয়া হবে না। তাদেরকে অবহিত করা হবে, আগে যা ছিল। আগে এরকম ছিল না যে অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হবে। আমরা এখন মাঠে নামলে আওয়ামী লীগ আমাদের সামনে আর টিকে থাকতে পারবে না।’
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আমাদের উপর কতো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। তারা এক দিকে টিম গঠন করেছে (জাতীয় নির্বাচনের জন্য) আর আমরা অনেকটা বন্দী অবস্থায় আছি। সভা করতে দেয় না, ঘরোয়া একটা বৈঠক করতে দেয় না। আমার গ্রামে ঘরোয়া ভাবে আমার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার কোনো সুযোগ পুলিশ আমাদের দেয় না। সারা বাংলাদেশেই এই অবস্থা।’
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় এবং সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, জাসাস’র সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।











