
জনসমক্ষে পশুপাখিকে খাবার দেওয়া কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি দেশটির পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ (EPA) তাদের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।
কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে, জনসাধারণ পার্ক বা রাস্তার মতো উন্মুক্ত স্থানে পাখি, বিড়াল বা অন্য প্রাণীকে খাবার দিচ্ছে। পরিবেশ সুরক্ষা আইন নং ৪২, ২০১৪ (যা আইন নং ৯৯, ২০১৫ দ্বারা সংশোধিত) অনুযায়ী এমন কাজ সম্পূর্ণ বেআইনি।
আইনের ৩৩ ধারায় স্পষ্ট করে বলা আছে, নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও আবর্জনা বা বর্জ্য ফেলা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে।
EPA কর্তৃপক্ষ সকল নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এই আইন মেনে চলেন এবং উন্মুক্ত স্থানে খাবার বা অন্য কোনো বর্জ্য না ফেলেন। কর্তৃপক্ষ আরও জানায়, এই আইন মেনে চললে জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
সূত্র, আরব টাইমস











