স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ দূতাবাস, কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতায় শুক্রবার (৯ জানুয়ারি) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী এক “স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা” ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি এই ক্যাম্প এর উদ্বোধন করেন।

ক্যাম্পে অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৭৩৮ জন প্রবাসী কর্মীকে সেবা প্রদান করেন। এর মধ্যে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে ওয়াফ্রা এলাকা থেকে আসা ১৩২ জন কর্মীকে দূতাবাসের নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত সুবিধা ও চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়া অন্যান্য এলাকার ৬০৬ জন কর্মীকে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও সুগার পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় জরুরি ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত এই মানবিক উদ্যোগে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের কল্যানে ভবিষ্যতে এই ধরণের স্বাস্থ্য ক্যাম্প নিয়মিত পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।












