বিনোদন ডেস্ক : ‘ভাঙ্গি’ মন্তব্যের অভিযোগে বলিউডের সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী শিল্পা শেঠির কুশপুত্তলিকা পোড়াল বাল্মিকী ও দলিত সম্প্রদায়ের লোকজন।
বৃহস্পতিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে ওই সমাজের তরফে প্রতিবাদ স্বরূপ কুশপুত্তলিকা পোড়ানো হয়। সালমানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি এই কুরুচিকর মন্তব্যের জন্য এদিন সালমানকে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয় বাল্মিকী ও দলিত সমাজের তরফে।
এই দুই সেলিব্রিটির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার বিকেলে বাল্মিকী ও দলিত সমাজের প্রায় অর্ধশতাধিক মানুষ ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে এসে পৌঁছায় ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে। এরপর সেখানেই সালমান ও শিল্পার কুশপুত্তলিকা পোড়ানো হয়। মিছিল থেকে সালমান ও শিল্পার বিরুদ্ধে স্লোগানও দেয়া হয়। শেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে গিয়ে একটি ডেপুটেশন জমা দেয়া হয় বাল্মিকী ও দলিত সমাজের তরফে।
উল্লেখ্য ভারতে সমাজের অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত হল ‘ভাঙ্গি’। বাল্মিকী ও দলিত সমাজের দাবি, সালমান খান ও শিল্পা শেঠির মন্তব্যে সমাজের একশ্রেণির মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাদেরকে ছোট করা হয়েছে।
বাল্মিকী সমাজের তরফে সুরেশ বাল্মিকী এদিন জানান ‘সালমান খান একজন বড় মাপের শিল্পী এবং গোটা দেশ তাকে সম্মান করে। এবং সেটা নিম্ন শ্রেণি থেকে শুরু করে সমাজের উঁচু শ্রেণি-প্রত্যেকেই সালমানকে এই সম্মান দিয়েছে। কিন্তু সেইরকম এক ব্যক্তির মুখ থেকে নিম্ন শ্রেণির প্রতি এই মন্তব্যের কারণে আমাদের বাল্মিকী সমাজ ও দলিত সমাজের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আমরা চাই উনি এই মন্তব্যের জন্য ক্ষমা চান’।
সালমান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি মুক্তির আগে সম্প্রতি সেটির প্রচারে ভারতের একটি জাতীয় টিভি চ্যানেলে এসেছিলেন সালমান খান। সেখানেই অনুষ্ঠানটির সঞ্চালক তাকে একটি হিন্দি গানে নাচতে বলেন। কিন্তু সঞ্চালকের সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে সালমান জানান ‘ওই অনুষ্ঠানের মঞ্চে যদি তিনি নাচেন তাহলে তাকে ‘ভাঙ্গি’র মতো দেখতে লাগবে।
একটি আলাদা সাক্ষাতকারে এই একই মন্তব্য করে অভিনেত্রী শিল্পা শেঠিও। এই ধরনের মন্তব্য করার পরই বাল্মিকী ও দলিত সমাজের রোষের মুখে পরেন ওই দুই সেলেব অভিনেতা। ইতোমধ্যেই বাল্মিকী সমাজ অ্যাকশন কমিটি ওই দুই জনের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের করেছে।











