মৌলভীবাজার প্রতিনিধিঃ শেষপর্যন্ত প্রেসক্লাবের নির্বাচনেও কি টাকার খেলা প্রভাব ফেলেছে ? মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচনোত্তর “পোস্টমটের্মে” এ প্রশ্নটি মাথাচাড়া দিয়ে উঠেছে। পরাজিত প্রার্থীদের হিসাব নিকাশ কোন মতেই মিলছেনা। নির্বাচনে ভোটারের সংখ্যা ছিলো ৩১ জন। ফলে জয় পরাজয় নিশ্চিত হয়েছে ২/১ ভোটে। তাই ২/১টি ভোট যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কোন কোন প্রার্থী যে কোন মূল্যে জয় ছিনিয়ে আনতে ছিলেন তৎপর। সে লক্ষ্যে লেনদেনও হয়েছে বলে আড়াল গুঞ্জন আছে। তাই ভোটারদের ছিল পোয়াবারো। জনশ্রুতি আছে এক হুজুর ভোটের সপ্তাহ দিন আগে থেকেই নিজের ভোটকে পণ্য হিসাবে গণ্য করে পদ ও প্রার্থী ভেদে পাঁচ, তিন ও দুই হাজার টাকা আদায় করেছেন। তার আয় হয়েছে ৩০/৪০ হাজার টাকা। মন্দ কি ? তার পথ অনুসরণ করেছেন অনেকে। গুঞ্জন আছে খামের মধ্যে টাকার সাথে পবিত্র গ্রন্থের আয়াতও জুড়ে দেয়া হয়েছিলো। সেই খামে নাকি টাকার অংক ছিলো ১০ হাজার। এ ব্যাপারে মৌলভীবাজারের খ্যাতিমান সাংবাদিক ও সভাপতি পদে হেরে যাওয়া সরওয়ার আহমদের প্রতিক্রিয়াটি প্রাধান্যযোগ্য। তিনি বলেন- গত ২০১৬ সনের নির্বাচনে হেভীওয়েট প্রার্থী সালাম সাহেবের সাথে প্রতিদ্বন্ধিতা করে ১ ভোটে হেরেছিলাম। এবার অনিচ্ছা সত্ত্বেও দাড়াতে হয়েছিল সহযোগীদের চাপের কারণে। সালাম সাহেবের তুলনায় এবারের প্রতিদ্বন্ধী তেমন হেভীওয়েট ছিলনা। নির্বাচনের আগের রাতে (৩০ মার্চ) ঘষে মেজে আমার ভোট ছিল ১৭টি। এক রাতে ৮টি ভোট কিভাবে গায়েব হলো সে হিসাব মিলাতে পারছিনা। এবারে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র ষ্টাফ রিপোর্টার আব্দুল হামিদ মাহবুব। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক আমাদের অর্থনীতি’র জেলা প্রতিনিধি সরওয়ার আহমদ পেয়েছেন ৯ ভোট। ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি’র জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদের প্রাপ্ত ভোট ১২টি। অন্যান্যদের মধ্যে বাংলাভিশন টিভি’র জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ১৬ ভোট ও এটিএন নিউজ টিভি’র জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ ১৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী দি ডেইলী অবজারভার’র জেলা প্রতিনিধি অশোক কুমার দাস ১২ ভোট ও ইউএনবি’র জেলা প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল ১০ ভোট পেয়েছেন। ১৪ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি নূরুল ইসলাম ১৩ ভোট ও দৈনিক বতমান’র জেলা প্রতিনিধি এস এম মেহেদী হাসান পেয়েছেন ৯ ভোট। ডিবিসি নিউজ টিভি’র জেলা প্রতিনিধি পান্না দত্ত ১৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সময় টিভি’র জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এছাড়া, বিনা প্রতিদ্বন্ধীতায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ডেসটিনি’র জেলা প্রতিনিধি পার্থ সারথী পাল এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র’র জেলা প্রতিনিধি শ. ই. সরকার জবলু, দৈনিক সংগ্রাম’র জেলা প্রতিনিধি মোঃ আজাদুর রহমান, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি দেওয়ান মুক্তাদির গাজী, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান ও যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আফরোজ আহমদ।











