অর্থনীতি ডেস্ক : ঢাকায় ১মবারের মতো চলমান ‘দূত সম্মেলন ২০১৭’ এর দ্বিতীয় দিনে আজ সোনারগাঁও হোটেলের বলরুমে ‘চেম্বার ও ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে মতবিনিময়’ শীর্ষক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্যানেল আলোচক হিসেবে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান আলোচনায় অংশগ্রহন করেন।
বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কিভাবে দেশ ও অর্থনীতি সার্বিকভাবে লাভবান হতে পারে তার উপর আলোকপাত করেন।
এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং এমসিসিআই সহসভাপতি গোলাম মাইনউদ্দিনসহ আরো অনেকে এই অধিবেশনে বক্তব্য রাখেন। অধিবেশনে সাম্প্রতিক সময়ে ৫৮টি দেশে যারা বাংলাদেশী রাষ্ট্রদূত হিসেবে পদ পেয়েছেন,তারাও উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ইমেজ নির্ভরশীল। আন্তর্জাতিক বানিজ্যে নিজেদের শেয়ার করায়ত্ত করার জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের ব্র্যান্ডিং এর কোন বিকল্প নেই। এক্ষেত্রে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সাম্প্রতিককালে যে অগ্রগ্রতি সাধিত হয়েছে এবং বিশ্বকে বলার মতো আমাদের এ শিল্পের যে তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তা মিশনগুলো ঐসব দেশে তুলে ধরতে পারে। তারা বিদেশী ক্রেতাদেরকে আমাদের শিল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রন জানাতে পারে।
তিনি আরও বলেন, উদ্যোক্তা, সরকার, ক্রেতা আর উন্নয়ন সহযোগিদের সহযোগিতায় আজ বাংলাদেশের পোশাক শিল্পের নিরাপত্তা মান বিশ্ব মানের। বাংলাদেশের ৬৭টি পরিবেশবান্ধব কারখানা ইউএস গ্রীন বিল্ডিং কাউন্সিলের লীড সনদপ্রাপ্ত,এগুলোর মধ্যে ৭টি হচ্ছে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানীয়। (বাসস)











