ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষকের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ এনে প্রশাসনের কাছে বিচার চেয়েছেন বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের এক নারী শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর অভিযোগ, তাকে ক্লাস থেকে বেরিয়ে ‘নগ্ন হয়ে নাচতে’ বলেছিলেন তার বিভাগের শিক্ষক মিল্টন বিশ্বাস।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে এমন একটি অভিযোগ দিয়েছেন বলে জানা যায় এবং তা পাওয়ার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ।
জানা যায়, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ক্লাস চলাকালীন ওই ছাত্রী পাশের সহপাঠীর সঙ্গে কথা বলেন। এসময় মিল্টন বিশ্বাস ওই ছাত্রীকে সহপাঠীদের সামনে দাঁড় করান এবং কেন এমনটা করেছেন জানতে চান। পরে মিল্টন বিশ্বাস বলেন, ক্লাস ভালো না লাগলে বাইরে চলে যাও এবং নগ্ন হয়ে নাচো। তুমি তো মেয়ে, মেয়েরা নগ্ন হয়ে তো নাচেই। তুমিও নাচতেই পারো!
ওই শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, উনি একজন শিক্ষক এবং একজন অধ্যাপক হয়ে এমন কথা বলতে পারেন না। আমি মানছি এবং বুঝে স্বীকার করছি যে, ক্লাস চলাকালীন সহপাঠীদের সাথে কথা বলা আমার অন্যায় হয়েছে। আমি তার মেয়ের বয়সের । তাই বলে আমাকে তিনি এমন অশালীন কথা বলতে পারেন না। আমি জানি না তার কি হবে বা কি বিচার হওয়া উচিত। বিষয়টি আমার কাছে খুবই লাঞ্ছনার মনে হয়েছে। তাই লিখিতভাবে প্রক্টর এবং উপাচার্যকে জানিয়েছি। এখন তারা যা ব্যবস্থা নেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা জলি সাংবাদিকদের জানান, ‘এমন একটি ঘটনা আমি জানি।’ এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি।
জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ জানান, ‘আমাদের কাছে এমন একটি অভিযোগ এসেছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসলে তা প্রক্টর নয় বরং উপাচার্য বরাবর করতে হয়। তাই অভিযোগটি উপাচার্যের কাছে পৌঁছে দিয়েছি।’











