ডেস্ক নিউজ : আইসিটি আইনের ৫৭ (২) ধারার মামলায় গ্রেফতার কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিক আনিছুর রহমান আনিস অন্তর্বর্তীকালীন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
এরআগে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের বেঞ্চে আনিছুর রহমানের জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভাকেট সায়েম মো. মুরাদ। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুনানি শেষে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।
ডাকযোগে উচ্চ আদালতের আদেশ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়।
অ্যাড. আহসান হাবীব নীলু (বন্ড) জামিননামা প্রদানের অনুমতি প্রার্থনা করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিঞ্চু’র আদালত ১০ হাজার টাকা বন্ড জামিন মঞ্জুর করেন।
পরে বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম কারাগার থেকে সাংবাদিক আনিছুর রহমান জামিনে মুক্তি পান।











