স্পোর্টস ডেস্ক: লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিয়েছেন ফিলিপ কুতিনহো। মেডিকেল পরীক্ষার পর আজ নু ক্যাম্পে হাজারো ভক্তের সামনে হাজির হয়েছেন তিনি। অফিসিয়াল চুক্তিতে সইয়ের পর বার্সেলোনার জার্সি গায়ে ভক্তদের সঙ্গে ফটোসেশন শেষে ফুটবল ডিসপ্লে দেখিয়েছেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবলার কুতিনহোকে অভিনন্দন জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছেন প্রায় ৬ হাজার বার্সা সমর্থক। লিওনেল মেসি ও লিভারপুলের প্রাক্তন তারকা লুইস সুয়ারেজদের সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তবে মেডিকেল পরীক্ষায় পাস করলেও ডান উরুর চোট থেকে ভালোভাবে সেরে না উঠায় আরও তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে কুতিনহোকে। তাই ব্রাজিলিয়ান এ তারকার বার্সেলোনায় অভিষেক দেখতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে তার ভক্তদের।
কুতিনহোকে দলে নেওয়া প্রসঙ্গে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ বলেন, ‘বার্সার সব ভক্তরা ফিলিপ কুতিনহোকে এখানে দেখে আনন্দিত হতে পারে। আমরা তাকে গত গ্রীষ্মে চেয়েছিলাম। এ চুক্তির জন্য আমরা অনেক সময় ধরে কাজ করেছি। বিশ্বফুটবলের এমন একজন তারকা খেলোয়াড়ের চুক্তির ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।’
উরুর চোটের জন্য কোপা দেল’রেতে সেল্টা ভিগো ও লা লিগায় রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেতিস ও আলাভেজের বিপক্ষে মাঠের বাইরে থাকতে পারেন কুতিনহো। তবে কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে অভিষেক হতে পারে তার। মজার বিষয় হচ্ছে ২০১২ সালে এস্পানিওলে ধার হিসেবে খেলেছিলেন তিনি।











