নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে নদীভাঙন রোধ, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, মিছিল ও জনসভায় অংশ নিয়ে তিনি তাঁর আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
নির্বাচনী পথসভায় মাওলানা আহমদ বিলাল বলেন, মনু নদীর ভাঙন এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘস্থায়ী ক্ষত। প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও গত তিন বছরে খনন ও বাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে নদীপাড়ের মানুষের জানমাল রক্ষা করবেন এবং শুকনো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করবেন।
যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি জানান, মৌলভীবাজারের অবহেলিত সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে। বিশেষ করে মৌলভীবাজার থেকে সিলেট, কুলাউড়া-বড়লেখা এবং শায়েস্তাগঞ্জ-শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেবেন তিনি। এছাড়া টেংরা–তারাপাশা–শমশেরনগর সড়ক প্রশস্তকরণ ও বন্ধ থাকা শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টি তাঁর বিশেষ পরিকল্পনায় রয়েছে।
অঞ্চলটির শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও সার্ভে ইনস্টিটিউট স্থাপনের রূপরেখা ঘোষণা করেন। কাউয়াদিঘী হাওরের মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি তিনি দুর্নীতিমুক্ত ও সুশাসিত প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘দেয়ালঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রায় শরিক হওয়ার জন্য তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।











