বিশেষ প্রতিনিধি: কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ আজিজ-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিকান্দার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল কান্তি রায়, সেলিম আহমদ, নজরুল ইসলাম শাহিন, জাকির খান, কাজী শওকত, তৌহিদুল আলম চৌধুরী, কামাল হোসেন, লোকমান হোসেন, টিপু মনসুরসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী প্রতিরোধই মূলত স্বাধীন বাংলাদেশের পথ প্রশস্ত করেছিল।
বক্তারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের শাসনামলে প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য সম্মানের সাথে পালিত হয়েছে এবং আওয়ামী লীগই ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করেছে।

শেষে ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











