মৌলভীবাজার,প্রতিনিধি – মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল তাঁর নির্বাচনী প্রচারণায় রাজনগর উপজেলার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগরের খেয়াঘাট বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। সুরুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাওলানা বিলাল বর্তমান পরিস্থিতির নির্মোহ বিশ্লেষণ তুলে ধরে বলেন, রাজনগর আজ উন্নয়নের মানচিত্রে চরমভাবে অবহেলিত।

রাজনগরের কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র কাউয়াদীঘি হাওরের করুণ দশার কথা উল্লেখ করে তিনি বলেন, মনু সেচ প্রকল্পের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা এবং কাশিমপুর পাম্প হাউসের অকার্যকারিতা কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। খাল দখল ও ভরাটের ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদি থাকছে। নির্বাচিত হলে আধুনিক পাম্প হাউস স্থাপন ও খাল পুনঃখননের মাধ্যমে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন।
কুশিয়ারা ও মনু নদীর ভাঙন রোধে তিনি কেবল বালুর বস্তা ফেলার মতো অস্থায়ী ব্যবস্থার পরিবর্তে টেকসই নদীতীর সংরক্ষণ প্রকল্প ও স্থায়ী বাঁধ নির্মাণের ওপর জোর দেন। এছাড়া বর্ষায় তলিয়ে যাওয়া রাস্তাঘাট সংস্কার এবং সীমান্তবর্তী ইউনিয়নগুলোর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে যাতায়াত, শিক্ষা ও চিকিৎসা সেবা সুনিশ্চিত করার রোডম্যাপ তুলে ধরেন।

রাজনগরবাসীর দীর্ঘদিনের দাবি—বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদানের বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি। একইসাথে তিনি অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে ইনসাফভিত্তিক একটি উন্নত সমাজ গঠনই তাঁর মূল লক্ষ্য।
মাওলানা আহমদ বিলাল তাঁর বক্তব্যে ‘দেয়ালঘড়ি’ মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। এর আগে তিনি মোকাম বাজারে পথসভা করেন এবং পরবর্তীতে আব্দুল্লাহপুর ও ওয়াপদা বাজারে প্রচারণার কর্মসূচি রয়েছে।











