নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় তাঁর নেতৃত্বে ১১ দলীয় জোটের এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে মাওলানা আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার শহরের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা, পানির সংকট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মানুষের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।
এসব সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এলজিইডি মৌলভীবাজারের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি মনু নদীর টেকসই বাঁধ নির্মাণ ও নদী রক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বন্যার স্থায়ী সমাধান করা হবে।

গণসংযোগে অংশ নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী বলেন, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসকে মাত্র ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে এবং তারা সেই সিদ্ধান্ত মেনে সন্তুষ্টচিত্তে মাঠে কাজ করছেন; কিন্তু মৌলভীবাজার–৩ আসনে জোটের একটি দলের নেতা জোটের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয় এবং জোটের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি আরও উল্লেখ করেন যে, ১৯১৯ সালের নির্বাচনে ব্রিটিশ সমর্থিত প্রভাবশালী প্রার্থী ইরেশ লাল সোমকে প্রত্যাখ্যান করে মৌলভীবাজারের মানুষ অবহেলিত শ্রেণির প্রতিনিধি চিরতন মুচিকে বিজয়ী করার মাধ্যমে তাদের রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ দিয়েছিল, তাই ১৯৪৭ সালের সিলেট গণভোটের মতো এবারও মৌলভীবাজারবাসী কোনো রায় বাহাদুরের আচরণ করা ব্যক্তি বা বিশ্বাসঘাতককে জয়ী করবে না। বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী কর্মীদের উপস্থিতিতে পরিচালিত এই গণসংযোগে বক্তারা শহরের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির লক্ষ্যে দেয়ালঘড়ি মার্কার পক্ষে ঘরে ঘরে প্রচার চালানোর আহ্বান জানান।











