ডেস্ক রিপোর্ট-
কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা: গণমাধ্যমগুলোর প্রতি তথ্য মন্ত্রণালয়ের সতর্কতা।
কুয়েতের তথ্য মন্ত্রণালয় দেশটিতে কর্মরত সকল গণমাধ্যম, সংবাদ প্ল্যাটফর্ম এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশীয় ও আঞ্চলিক যেকোনো ঘটনার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নির্ভুলতা, নির্ভরযোগ্যতা এবং পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য। লাইসেন্সপ্রাপ্ত সকল মিডিয়া হাউজ এবং স্বীকৃত সংবাদদাতাদের কাছে পাঠানো এক পরিপত্রে স্পষ্ট করা হয়েছে যে, কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাইয়ের দায়ভার সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওপরই বর্তাবে। বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো রোধ করতে শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে। কোনো কারণে ভুল তথ্য প্রকাশিত হলে তা দ্রুত আইনানুগভাবে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে, যদি না সেটি কোনো সরকারি কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, যথাযথ অনুমতি ছাড়া কোনো ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) বা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করা যাবে না। বিশেষ করে ড্রোনের মাধ্যমে চিত্রগ্রহণ বা আকাশ থেকে ছবি তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। সংবাদিকতার আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা কুয়েতের সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো বিষয় প্রচার না করার বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে বা বৈধ লাইসেন্স ছাড়া সংবাদ প্রচারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তথ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে।











