ডেস্ক রিপোর্ট- কুয়েতের সাবাহ এলাকার অদূরে তিন বাংলাদেশি প্রবাসীকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেওয়ার গুরুতর অভিযোগে এক কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই তিন বাংলাদেশির ওপর নিজের গাড়ি তুলে দেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, এটি নিছক কোনো দুর্ঘটনা ছিল না, বরং ইচ্ছাকৃত হামলা ছিল।
ঘটনার পরপরই কুয়েতের নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে আটক করে। কেন তিনি এমন বর্বরোচিত হামলা চালালেন এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা প্রক্রিওয়াধীন রয়েছে।
এই ন্যাক্কারজনক হামলায় আহত তিন বাংলাদেশির নাম বা বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।











