ডেস্ক রিপোর্ট – পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কুয়েতের সরকারি দপ্তরগুলোতে কাজের সময় এবং জনবল ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সিভিল সার্ভিস কমিশন (সিএসসি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অফিসগুলোতে প্রতিদিনের কাজের সময় কমিয়ে ৬ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। একইসাথে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অফিসে সর্বোচ্চ ৩০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিএসসি জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে পালাক্রমে (রোটেশন) কর্মীদের উপস্থিতির তালিকা তৈরি করতে পারবে। এছাড়া যেসব ক্ষেত্রে সম্ভব, সেখানে দূরবর্তী বা ঘরে বসে কাজের (রিমোট ওয়ার্ক) সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্দেশনায় আরও বলা হয়েছে যে, হাজিরা নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি এবং পূর্বনির্ধারিত শিথিল সময়গুলো (গ্রেস পিরিয়ড) যথারীতি কার্যকর থাকবে। তবে যেসব কর্মী বিশেষ আইনে আগে থেকেই কম সময় কাজ করার সুযোগ পেতেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়মে কর্মদিবস ৪ ঘণ্টায় নেমে আসবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন নিয়ম বহাল থাকবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।











