ডেস্ক রিপোর্ট- কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে যেন তারা আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা বা মজুত করা থেকে বিরত থাকেন। সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত মজুত ও স্থিতিশীল। প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, প্রয়োজনে অতিরিক্ত পণ্য মজুত করা বা ‘প্যানিক বায়িং’ করার কোনো যৌক্তিক কারণ নেই। এই ধরনের প্রবণতা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে এবং সাধারণ সরবরাহ চেইনকে ব্যাহত করতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে যাতে করে পণ্যের দাম স্থিতিশীল থাকে এবং কেউ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে দাম বাড়াতে না পারে। সাধারণ মানুষকে শুধুমাত্র তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার পরামর্শ দিয়ে আশ্বস্ত করা হয়েছে যে, কুয়েতের গুদামগুলোতে দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত খাদ্য ও মৌলিক পণ্য মজুত রয়েছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কেনাকাটা বজায় রাখাই বর্তমান পরিস্থিতিতে কাম্য।











